Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। আইটেম গানে মাত করলেন ববি ।।


আইটেম গান নিয়ে দর্শকদের সামনে আসলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ‘চালাও গুলি’ শিরোনামের গানে দেখা গেছে তাকে। এর মাধ্যমে দীর্ঘদিন পর ফিরলেন ববি।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। রোববার (২৫) রাতে মুক্তি পেয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের গানটি। এরই মধ্যে এটি সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।

আইটেম গানে অংশ নেয়া প্রসঙ্গে ববি বলেন, “প্রথমবার আমি নিজে অভিনয় করা ছাড়া কোনো সিনেমার আইটেম গানে নাচলাম। অভিজ্ঞতাটা খুবই ভালো। গানটার সঙ্গে কোরিওগ্রাফি ও হুক স্টেপটা দারুণ লেগেছে। এ জন্য সানী ভাইকে ধন্যবাদ। গানটা দর্শক পছন্দ করতে শুরু করেছেন, এটাই আনন্দের।”

নির্মাতা সানী সানোয়ার বলেন, “গহীন জঙ্গলের ভেতর গ্রাম্য এলাকায় বসবাসকারী এক চোরাকারবারি ও তার ব্যক্তিগত কয়েকজন কর্মচারী নিয়ে সে মাস্তি করছে, এমন পটভূমিকে এই গানে তুলে ধরতে সব আয়োজন। আশা করছি গানটি সকলের ভালো লাগবে।”

‘চালাও গুলি’ গানে কণ্ঠ দিয়েছেন নাশা ও মীর মাসুম। গানের কথা লিখেছেন মোক্তাদির মাওলা। সুর ও সংগীত করেছেন মীর মাসুম। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়াল। এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’। পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক ওয়ার’।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

Related News

Also Read