রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের একবার সম্প্রীতি নষ্টের অভিযোগ। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এক আইনজীবীর। এই মর্মে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
নন্দকুমার থানায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আবু সোহেল নামে এক আইনজীবী। উল্লেখ্য এর আগেও ঘৃণা-ভাষণের অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছ।

আইনজীবি সোহেলের অভিযোগ, গত ২০ অক্টোবর আসানসোলের নুনিমোড় এবং ২৪ অক্টোবর নন্দকুমারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু। যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তিনি বলেন, কথা বলার অধিকারের সীমা লঙ্ঘন করে লাগাতার ঘৃণা ছড়াচ্ছেন শুভেন্দু। এতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই অপরাধের জন্য তাঁর শাস্তির দাবি জানাচ্ছি। এ ভাবে ঘৃণা-ভাষণ দিলে গ্রেফতার করারও নির্দেশ রয়েছে সর্বোচ্চ আদালতের। আশা করি, আইন নিজের পথে চলবে।
যদিও শুভেন্দু অধিকারী এই মামলা বিষয়ে গুরুত্ব দিতে নারাজ।দাবি করেন আমি কোনও সম্প্রদায়ের নাম নিইনি বা কাউকে খাটো করতেও যাইনি। যত পারে মামলা করুক। আমার কিছু আসে যায় না।





