Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

খেজুরিতে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু,চাঞ্চল্য ছড়ালো এলাকায়

শুক্রবার রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জনকা এলাকায়। অস্বাভাবিক ভাবে মৃত দুই যুবকের নাম সুজিত দাস (২৩) ও সুধীর চন্দ্র পাইক (৬৫)। মৃত দুই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবী করে এই ঘটনার বিরুদ্ধে তদন্তের দাবী জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্বরা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়জন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস ও ঝাঁটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক। সেই অনুষ্ঠানস্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর।

স্থানীয়দের দাবী অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

 

এই ঘটনা নিয়ে শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গতঃ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবী তুলেছেন শুভেন্দু। তাঁর দাবী, ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে। তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে। গোটা ঘটনায় অনুষ্ঠান আয়োজনকারী কয়েকজন ব্যক্তিকেই কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু।

যদিও তৃণমূলের জেলা কমিটির সভাপতি পীযুষকান্তি পণ্ডা ও চেয়ারম্যান তরুণ কুমার মাইতি জানান,রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অসাবধানতাবশতঃ দুই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন। এর জেরে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। এরই পাশাপাশি তাঁদের অভিযোগ,এমন একটি মর্মান্তিক দুর্ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছেন। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Related News

Also Read