নিম্ন মানের খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর ১৯০ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ঈচডশ কর্মী ইন্দ্রানী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।

এলাকাবাসীর অভিযোগের তির কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ইন্দ্রানী প্রধানের দিকে। স্থানীয়দের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্ন মানের খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্ন মানের সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি।শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন স্থানীয়রা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অনিতা সরকার। তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাঁকে ঘিরেও তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্যসামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক।





