ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক । প্রথম চার রাউন্ডেই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল, চূড়ান্ত রাউন্ডে তিনি পৌঁছবেনই। প্রশ্ন ছিল, কে হবেন তাঁর প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত ঋষির সঙ্গে লড়াই হতে যাচ্ছে লিজ ট্রাসের।
কনজারভেটিভ বা টোরি এমপিদের মধ্যে ১৩৭ জন ভোট দিয়েছেন ঋষিকে। লিজ পেয়েছেন ১১৩ ভোট। পেনি ১০৫টি ভোট পেয়ে ছিটকে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে।
উল্লেখ্য, ২০১৯ সালে ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হন বরিস জনসন । ২০১৯ সালে বরিস জনসনকে নির্বাচিত করার সময় দলের সদস্য সংখ্যা ছিল এক লক্ষ ৬০ হাজার। বিবিসির ধারণা, এই সংখ্যা এ বার বেড়েছে।
অন্যদিকে গত দু’বছর ধরেই বরিস জনসন একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে দলের মধ্যে অনেকের আস্থা হারিয়েছেন। তবে সবচেয়ে বড় ধাক্কা তিনি খেয়েছেন ক্রিস পিনচার ইস্যুতে।এর জেরে দলীয় বিদ্রোহে গদি ছাড়তে হয় তাঁকে। এখন বরিসের যোগ্য উত্তরসূরির খোঁজে ব্রিটেনবাসী।
৫ সেপ্টেম্বর চূড়ান্ত দফার ভোটের ফল বেরলে জানা যাবে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম। চূড়ান্ত দফার ভোটে জয় পেলে ভারতীয় বংশোদ্ভূত ঋষিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।






