Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

শিশুদের ঝগড়া ঘিরে রণক্ষেত্র, থানায় অভিযোগ

 

প্রদীপ কুমার সিংহ

মুদি দোকানে খাবার কিনতে গিয়ে দুই শিশুর মধ্যে সামান্য কথা কাটাকাটি। আর সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তগত মল্লিকপুর জামা মসজিদএলাকায়। আক্রান্ত শিশুদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন পরিবারের বড়রাও। অভিযোগের তির প্রতিবেশী একটি পরিবারের দিকে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুর এলাকায় একটি মুদি দোকানে খাবার কিনতে গিয়েছিল দুই শিশু। সেখানেই কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, শিশুদের এই বিবাদ মেটানোর বদলে উল্টে এক শিশুর পরিবারের লোকজন চড়াও হয় অন্য শিশুর ওপর। ওই নাবালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত শিশুর চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে ছুটে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিপক্ষ পরিবারের সদস্যরা ইট, কাঠ, রড এবং পাথর নিয়ে হামলা চালায়।পরিবারের একাধিক সদস্যকে লক্ষ্য করে বাঁশ, লাঠি, চেলা কাট প্রকৃতির জিনিস দিয়ে এলোপাথাড়ি মারধর এমনকি ধারালো অস্ত্র বের করে ভয় দেখানো হয় বলেও দাবি আক্রান্ত পরিবারের।

আইনি পদক্ষেপ করার দাবি পুলিশের কাছে আক্রান্ত পরিবারের মানুষদের। মারধরের পর ঘটনাটি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বা পুলিশের দ্বারস্থ হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আহতরা বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ন্যায়বিচারের আশায় বারুইপুর থানার দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ধরণের ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

Related News

Also Read