কাঁথি মহকুমার অন্যতম শিশু-কিশোর সংগঠন কাঁথি শিশুমহলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত রবিবার সন্ধ্যায় কাঁথি বীরেন্দ্র স্মৃতিসৌধে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি তথা কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক কাঁথি ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, সংস্থার সহ-সভাপতি নিশীথ মাইতি, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অনিল মিশ্র,বিশিষ্ট শিক্ষাবিদ তিমির বরণ পণ্ডা, জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পূর্ব মেদিনীপুর জেলার কো- অর্ডিনেটর অ্যান্ড ইনচার্জ নয়ন শঙ্কর ভট্টাচার্য এবং সংস্থার প্রাক্তনী বহিত্রকুন্ডা হাইস্কুলের শিক্ষিকা মহুয়া কর। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বালন ও শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়।

স্বাগত ভাষণ সহ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি। এই পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় সফল স্থানাধিকারীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন দেব কুমার দাস, মহুয়া পণ্ডা, দিব্যেন্দু ভূঁঞ্যা,সীতেশ পণ্ডা, সুনীতা দে সাঁতরা, পাপিয়া বর্মণ, সুমতি বর্মন,রানী সাহু, আরাত্রিকা মণ্ডল,সুপ্তি দত্ত, সুব্রত সাহু, গৌরহরি দাস, সোম সুন্দর গুড়িয়া,দেবব্রত সাউ প্রমুখ।দ্বিতীয় পর্বে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় ট্রাফিক ড্রিল, ডাম্বেল ড্রিল, সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষে আবৃত্তির কোলাজ, দৃশ্যায়ন, মহারাষ্ট্র ও বাঁকুড়ার লোকনৃত্য,সমবেত নৃত্য,ছড়া নৃত্য, ব্রতচারী জারি নৃত্য,রিদমিক্ যোগার উপস্থাপনা ছিল দৃষ্টিনন্দন। প্রমথেশ মণ্ডলের নির্দেশনায় জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য রচিত ছোটোদের কৌতুক নাটিকা ‘দেবতাদের ভয়’ এবং কৃষ্ণা পড়্যা বেরা নির্দেশিত অভিভাবিকাদের দ্বারা অভিনীত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত হাসির নাটক ‘ভাড়াটে চাই’ অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তনী প্রশিক্ষক সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল ও প্রশিক্ষক বাচিক শিল্পী বেলাল উদ্দিন। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংস্থার সহ-সভাপতি নিশীথ মাইতি।





