পুলিশী অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। কাঁথি দেশপ্রাণ ব্লকের সিকদারচক গ্রামের পুষ্প রঞ্জন বেরার বাড়ি থেকে প্রায় ২০০ বোতল অবৈধ মদ উদ্ধার করে পুষ্পরঞ্জন বেরাকে গ্রেফতার করে।

স্থানীয়দের অভিযোগ পুষ্প রঞ্জন তৃণমূল নেতা। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় বিক্ষোভ দানা বাঁধে। গ্রামের মহিলারা জোটবদ্ধভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
পুলিশ ধৃত পুষ্পরঞ্জন বেরা কে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা বলেন এলাকার মহিলারা যে প্রতিবাদ করেছে তা সঠিক এবং যথার্থ। এভাবে প্রতিবাদ না করলে আগামী দিনে এই অবৈধ ব্যবসা রমরমিয়ে বেড়ে চলবে। তিনি আরো বলেন নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই সব অবৈধ ব্যবসা রমরমিয়ে চলবে।
কাঁথি থানার আইসি জানিয়েছেন এভাবে খবর পেলেই তার ব্যবস্থা গ্রহণ করবেন। সেই কারণে সুমিতা সিনহা কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান এর প্রশংসা করেছেন।





