Select Language

[gtranslate]
২রা বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৫ই এপ্রিল, ২০২৬ )

পটাশপুরে বেআইনি মদের ঠেক ভাঙচুর করল মহিলারা

 

বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় মিলত হুমকি ও ধমক। দিনের পর দিন সহ্য করার পর অবশেষে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। দলবদ্ধ হয়ে বেআইনি মদের ঠেকে চড়াও হয়ে সমস্ত মদ রাস্তায় ফেলে নষ্ট করলেন তাঁরা। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত উত্তর খাড় গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর খাড় গ্রামের এক ব্যক্তি দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় রমরমিয়ে বেআইনি মদের কারবার চালাচ্ছিলেন। এর ফলে গ্রামের পরিবেশ যেমন কলুষিত হচ্ছিল, তেমনই বিপথে যাচ্ছিল যুবসমাজ। মহিলারা বারবার এই কারবার বন্ধ করার অনুরোধ জানালেও, ওই ব্যবসায়ী তাঁদের কথায় আমল তো দেনইনি, উল্টে প্রতিবাদীদের ভয়ভীতি প্রদর্শন ও ধমক দিতেন বলে অভিযোগ।

বারবার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায়, শনিবার গ্রামের মহিলারা একজোট হওয়ার সিদ্ধান্ত নেন। এদিন তাঁরা আচমকাই ওই মদ ব্যবসায়ীর ডেরায় চড়াও হন। ব্যবসায়ীর কাছ থেকে মজুত করা মদের বোতল ও কন্টেনারগুলি ছিনিয়ে নিয়ে এসে গ্রামের রাস্তার ওপর ঢেলে দেন এবং বোতলগুলি ভেঙে গুঁড়িয়ে দেন। গ্রামের এক মহিলার কথায়: “আমরা শান্তি চেয়েছিলাম, কিন্তু আমাদের দুর্বল ভেবে বারবার ধমক দেওয়া হয়েছে। গ্রামের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না, তাই আজ নিজেরাই পথে নামতে বাধ্য হলাম।”

এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মহিলারা সাফ জানিয়ে দিয়েছেন, এলাকায় আর কোনোভাবেই বেআইনি মদের কারবার চলতে দেওয়া হবে না। পটাশপুর থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মহিলারা দাবি তুলেছেন, পুলিশ যেন স্থায়ীভাবে এই বেআইনি কারবার বন্ধের ব্যবস্থা করে।

Related News

Also Read