Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পদুমবসান প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস উইকের ফুড ফেস্টে খাবারের বাহার

নানা ধরনের ফল, ফ্রায়েড রাইস, পনির, আলুর পরোটা, চানা মটর, ভেলপুরি, পাস্তা, সুজি, ডিম ছাড়া কেক, পাটিসাপটা, মশলা মুড়ি ইত্যাদির ছড়াছড়ি। স্টুডেন্টস উইক উপলক্ষে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক উত্তর চক্রের পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফুড ফেস্টিভ্যালে মিললো এইসব খাবার। বুধবার ছিল শেষ দিন। সেখানেই উৎসাহ আর আনন্দের দারুণ মিশেল।
এই মুহূর্তে বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীদের সংখ্যা ১৯৩ জন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে জেলা জুড়ে চলছে শিক্ষার্থী সপ্তাহ পালন। বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা বেরা ধাড়া, পুতুল পাখিরা মাইতি, পাপিয়া পাল জানা, শিবানী মালাকার মণ্ডলরা জানান, বছরের শুরু থেকেই বিদ্যালয়ে নানাভাবে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক। প্রথম দিনেই ছিল বুক ডে। সেদিন নবাগত ছাত্র ছাত্রীদের বরণ করা হয় ফুল, চন্দন দিয়ে এবং শাঁখ বাজিয়ে। অন্যান্য দিন আয়োজন করা হয়েছে গান, নাচ, আবৃত্তি, রিডিং ফেস্টিভ্যাল, অভিভাবক সভা, ছবি আঁকা, সাফাই অভিযান ইত্যাদি। আর শেষ দিনে আয়োজিত হল অভিনব ফুড ফেস্টিভ্যাল।


অসীম পাত্র, আরাধ্যা বেরা, প্রত্যুষ চৌধুরী, প্রেরণা বেরা, দেবার্চনা দুয়ারীরা বাড়ি থেকে এনেছে নানা ধরনের খাবার। সেগুলো নিজেরাই বিক্রি করছে, পরিবেশন করছে। অন্যান্য ছাত্র ছাত্রীরা দেদার কিনছে সেসব। অনেককে কিনে খাওয়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারাই। স্কুলের মধ্যেই যেন রকমারি খাবারের দোকানের অভিনব বাজার। রিয়াত্রী পাখর, মহম্মদ আনাস, রুকসাদ খাতুন, রিয়া বেরা, পৌলমী রুইদাসদের নিয়ে আসা কোনও খাবার পড়ে ছিলনা শেষ পর্যন্ত। সব বিক্রিবাটা হয়ে যায় ঘন্টাখানেকের মধ্যেই। এদিন মোট ৮৪ জন ছাত্র ছাত্রী খাবারের স্টল বসিয়েছিল।
বিদ্যালয়ের শিক্ষিকা তমসা দাস মেটিয়া, শম্পা বেরা দাস, মধুমিতা চৌধুরীরা জানান, ছাত্র ছাত্রীদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই এহেন উদ্যোগ। সহভাগী শিক্ষার কার্যক্রম অনুসৃত হচ্ছে এর মাধ্যমে। পরের বছর আরও বড় আকারে করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্করব্রত পতি।

Related News

Also Read