পূর্ব মেদিনীপুরে ফের বড়সড় রাজনৈতিক ভূমিকম্প! এক ধাক্কায় এগরা ও তমলুক— দুই গুরুত্বপূর্ণ পৌরসভায় পদত্যাগের নির্দেশ জারি করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। জেলায় শুরু হয়েছে সাংগঠনিক শুদ্ধিকরণের ঝড়।

দলীয় সূত্রে জানা গেছে, এগরা পৌরসভার পৌরপ্রধান স্বপন নায়ক এবং ভাইস চেয়ারপার্সন সোমা চক্রবর্তীকে সরাসরি পদত্যাগের নির্দেশ দিয়েছে দল। বহুদিন ধরেই এগরার পৌর প্রশাসন নিয়ে দলের অভ্যন্তরে ক্ষোভ ও অসন্তোষ জমে উঠছিল। অভিযোগ উঠেছিল প্রশাসনিক গাফিলতি, দলে বিভাজন ও সমন্বয়ের অভাব নিয়ে। শেষমেশ সেই অন্দরের চাপই এবার বিস্ফোরণ ঘটাল। নির্দেশ এসেছে সরাসরি শীর্ষ নেতৃত্বের কাছ থেকে— “নতুন মুখ চাই, পুরনোদের বিদায়।”

স্বপন নায়ক ও সোমা চক্রবর্তী কবে পদত্যাগ করেন কিংবা আদৌ পদত্যাগ করেন কি না, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
একইসঙ্গে, তৃণমূলের আরেক বড় পদক্ষেপ তমলুক তথা তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, যিনি তমলুক রাজপরিবারের সদস্য, তাকেও পদ ছাড়ার নির্দেশ দিয়েছে দল।প্রসঙ্গত কিছুদিন আগেই তাঁকে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকেও সরানো হয়েছিল। এবার পৌরপ্রধানের পদও হাতছাড়া হতে চলেছে বলে জোর জল্পনা।
দীপেন্দ্রবাবুর ঘনিষ্ঠ মহল জানিয়েছে,এখনও পর্যন্ত কোনো লিখিত নির্দেশ পাইনি, তবে দলের তরফে এমন আলোচনা চলছে বলে শুনেছি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এগরা ও তমলুকে একসঙ্গে এই পদক্ষেপ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা ভোটের আগে তৃণমূলের সংগঠন ঢেলে সাজাতে চাইছে নেতৃত্ব। জেলার ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব, প্রশাসনিক ব্যর্থতা ও জনপ্রিয়তা হারানো মুখদের সরিয়ে “এক নেতা, এক নির্দেশ” নীতিতেই ফিরতে চাইছে দল।
এদিকে জেলা রাজনীতির অন্দরে শুরু হয়েছে জল্পনা এগরা ও তমলুকে কার হাতে যাবে পৌর প্রশাসনের হাল?আর কতদূর ছড়াবে তৃণমূলের এই শুদ্ধিকরণের ঝড়?
এক তৃণমূল নেতার ভাষায়, “দল এখন পরিষ্কার বার্তা দিচ্ছে কাজ না করলে, জায়গা ছাড়তে হবে!”





