আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতায় কন্টাই পাবলিক স্কুল চ্যাম্পিয়ন। মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে কাঁথির বীরেন্দ্র মেমোরিয়াল হলে সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতায় কন্টাই পাবলিক স্কুল উল্লেখযোগ্য সাফল্য অর্জনকরেছে। এই প্রতিযোগিতায় মোট ছয়টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে কন্টাই পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই প্রতিযোগিতায় কন্টাই পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আর্য্য ভট্টাচার্য তাঁর সাবলীল
ও প্রাণবন্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করে। পুরস্কারস্বরূপ আর্য্য
১,০০০ টাকা নগদ অর্থ ও একটি ট্রফি লাভ করে।
এই সাফল্যের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেন নাটকের নির্দেশক ও বিদ্যালয়ের নাট্য প্রশিক্ষক আলোকেশ সামন্ত এবং নাটকের রচয়িতা ও বিদ্যালয়ের বাংলা শিক্ষক রাজর্ষি রায়। তাঁদের দিকনির্দেশনা ও প্রশিক্ষণে নাট্যদলটি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস এই সাফল্যের জন্য সমগ্র নাট্যদলকে আন্তরিক অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।





