তৃণমূল কংগ্রেসে কার্যত মিশে যেতে চলেছে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। এর ফলে রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।উল্লেখ্য ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
২০২১ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারে জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখেছিল তৃণমূল। রাতারাতি অন্যান্য বিরোধী দল থেকে বেশ কিছু নেতা-কর্মীকে তৃণমূলে যোগ দিতেও দেখা গিয়েছিল। কিন্তু স্থানীয় পুর নির্বাচনে আশানুরূপ সাফল্য পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
তৃণমূলে যোগ দেওয়ার পর ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি পূজন বিশ্বাস জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, পূজন বিশ্বাস ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি। পূজন বিশ্বাসের পিতা পীযূষ কান্তি বিশ্বাস রাজ্যের প্রখ্যাত আইনজীবী।
তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। পীযূষ বিশ্বাসকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরই পূজন কংগ্রেস ছাড়েন।






