#কলকাতা: তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য ছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? চাঞ্চল্যকর সেই তথ্য হঠাৎই সামনে এলো৷ পুরোদস্তুর রাজনীতিতে আসার আগে অধ্যাপনা করতেন বিজেপি রাজ্য সভাপতি৷ সূত্রের খবর, ২০১৩ সালে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র সদস্য ছিলেন সুকান্ত মজুমদার৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য পদ নিয়েছিলেন বিজেপি-র বর্তমান রাজ্য সভাপতি।
তৃণমূল নেতাদের বিজেপি-তে যোগদান বা বিজেপি-র সঙ্গ ত্যাগ করে উল্টো পথে যাওয়া নেতাদের তালিকাটা এ রাজ্যে যথেষ্টই দীর্ঘ৷ কিন্তু সুকান্ত মজুমদারের তৃণমূল সংস্পর্শের কথা অতীতে প্রকাশ্যে না আসাতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আরও বেশি করে কৌতূহল ছড়িয়েছে৷
আরও পড়ুন: হাত ছাড়ছেন হার্দিক? গুজরাতে বিধানসভা ভোটের আগে ফের বড় ধাক্কার অপেক্ষায় কংগ্রেস
সুকান্ত মজুমদার ওয়েবকুপা-র সদস্য পদ নেওয়ার জন্য যে মেম্বারশিপ ফর্ম পূরণ করেছিলেন, সেটিও প্রকাশ্যে এসেছে৷ যদিও সেটির সত্যতা যাচাই করেনি নিউজ এইট্টিন বাংলা৷ ওয়েবকুপা সূত্রে খবর, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ইউনিট খোলার ক্ষেত্রেও সুকান্ত মজুমদারের বিশেষ ভূমিকা ছিল।
আরও পড়ুন: ‘স্বামী’ সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজাতার! ডিভোর্স নিয়ে কড়া নির্দেশ কোর্টের
তবে সুকান্ত মজুমদার যে তাদের সংগঠনের সদস্যপদ ত্যাগ করেছেন, এমন কোনও তথ্য তাদের কাছে নেই বলেই দাবি ওয়েবকুপা নেতৃত্বের৷ সাধারণত কোনও অধ্যাপক সংগঠনের সদস্যপদ ছাড়লে তা লিখিতভাবে জানানোটাই দস্তুর৷ সুকান্ত মজুমদারের ক্ষেত্রে সেরকম কোনও বার্তা মেলেনি বলেই ওয়েবকুপা সূত্রে দাবি৷
ওয়েবকুপা-য় সুকান্ত মজুমদারের সদস্যপদের ফর্ম৷
তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসুও স্বীকার করেছেন, সুকান্ত মজুমদার তাদের সংগঠনেরই সদস্য ছিলেন৷ সংগঠনের একাধিক বৈঠকেও সুকান্তবাবু যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি৷
এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ কিন্তু এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপি রাজ্য সভাপতি৷
Published by:Debamoy Ghosh
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Sukanta Majumdar, TMC





