গত ২০২১-এর বিধানসভা ভোটের মত ফের ২৬-এর ভোটের আগে নন্দীগ্রামে ভাইরাল ফোন রেকর্ডিং ঘিরে চাঞ্চল্য। এবার আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব নন্দীগ্রামের এক তৃণমূল নেতার।
কয়েকদিন আগে নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সবে মিরাজ খানকে জনৈক তৃণমূল নেতা সেখ মনশুর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই টেলিফোনিক কথোপকথনে এও শোনা যাচ্ছে আইএসএফ প্রার্থীকে গোপন যায়গায় বৈঠক করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি তার যে সমস্ত সমস্যা আছে তা দ্রুত নিরসনেরও কথা বলা হয়েছে।
এই ভাইরাল অডিও যে আইএসএফ প্রার্থী সবে মিরাজ খান ও সামসাবাদ তৃণমূল অঞ্চল সভাপতি সেখ মনশুরের, তা দুজনেই মেনে নিয়েছেন।
প্রসঙ্গত ২০২১-এর বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে তদানিন্তন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ফোন করেছিলেন এই দাবি জানায় প্রলয় পাল। সেই সংক্রান্ত একটি টেলিফোনিক কথোপকথন ভাইরালও হয়। আর পাঁচ বছর পর আর এক বিধানসভা ভোটের আগে এই আইএসএফ ও তৃণমূল নেতার ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।





