কোলাঘাটে টোপা ড্রেনেজ খালের বরদাবাড়ে পি এইচ ই দপ্তর জলের পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য নিকাশি খালের উপর একটি লোহার ছোট ব্রিজ করেছে।
ব্রিজটি এমনভাবে করা হয়েছে যা জল নিকাশিতে ভীষণভাবে বাধা সৃষ্টি করবে বর্ষার সময়। অবিলম্বে ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজ কোলাঘাটের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য পি এইচ ই দপ্তর ওই খালের উপর ব্রিজ নির্মাণের বিষয়ে সেচ দপ্তরের কোন অনুমোদন নেয় নি।

পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, বর্ষার সময় ওই খাল দিয়ে পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লকের প্রায় ৫০ টি মৌজার জলনিকাশি হয়। খালের উপর যেভাবে ওই ব্রিজ নির্মিত হয়েছে, তাতে সমস্ত রকম আবর্জনা ওই ব্রিজে আটকে জলনিকাশি
ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। সেজন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি সেচ ও ব্লক প্রশাসনকে। অতিসত্বর এ ব্যাপারে কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।






