রাত পোহালেই রাজ্য বিধানসভার প্রথম দফার ভোট।বুধবার সকাল থেকেই ভোট কর্মীদের বুথে বুথে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে ছিলো।১৬ টি বিধানসভা কেন্দ্রের জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথি, হলদিয়া, এগরা ও তমলুকে ডিসিআরসি থেকে ভোট কর্মীদের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। পরে ছোট গাড়ি ও বাসে করে তারা বিভিন্ন বুথে বুথে পৌঁছে যান।বুধবার দুপুরে তমলুকের ডিসিআরসি কেন্দ্রে তীব্র গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন দুইজন মহিলা ভোট কর্মী। কমিশনের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরে অবশ্য চিকিৎসকরা গিয়ে চিকিৎসা শুরু করেন।
এবার পূর্ব মেদিনীপুর জেলার মোট ভোটার সংখ্যা ৪১লক্ষ ৬০ হাজার ২৫৮ জন। যার মধ্যে পুরুষ ২১ লক্ষ ৪৫ হাজার ২১৮ জন এবং মহিলা ২০ লক্ষ ১৪ হাজার ৮৯৫ জন। জেলায় এবারে মোট পোলিং স্টেশন থাকছে ৫ হাজার ৪০টি। যার মধ্যে মহিলা পরিচালিত বুথ থাকছে ১ হাজার ২৫৩টি।
জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রে মোট ১৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নন্দীগ্রামে সর্বাধিক প্রার্থী সংখ্যা ১১ জন। সব থেকে কম প্রার্থী রয়েছে এগরায়। সেখানে প্রার্থীর সংখ্যা ৬ জন।
বুধবার জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, “শান্তিপূর্ণ এবং ভয়হীন পরিবেশে নির্বাচন করতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।”
নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলতিবারে প্রতিটি বুথেই প্রশাসনের তরফ থেকে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিটি বুথে সর্বনিম্ন চারজন এবং সর্বাধিক আটজন কেন্দ্রীয় জওয়ান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সংবেদনশীল বুথগুলিতে দুটি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।





