রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরাতে এবার ঘরে বাইরে চাপের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি । এ অবস্থায় দলের মহাসচিব তথা মমতার পুরনো দিনের সঙ্গী পার্থকে মন্ত্রিসভা থেকে সরাতে ঘরে বাইরে চাপ বাড়ছে বলে জানা গেছে।
টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গত শনিবার ইডির গ্রেপ্তার হয়েছেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।এর পরেই বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় তৃণমূলের একাংশ চাইছে দলের ভাবমূর্তি ভাল রাখতে মহাসচিব এবং মন্ত্রীর পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিক মমতা।যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও তৃণমূল নেতাকে মুখ খুলতে দেখা যায়নি। উল্টে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছে দল। তবে মুখে না বললেও দলের ভাবমূর্তির কথা মাথায় রেখে পার্থ চট্টোপাধ্যায় থেকে দূরত্ব বাড়ানোর বিষয়ে একাংশ যে চাপ তৈরি করছে তা স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করছেন রাজনৈতিক মহল ।সেই রেশ কাটতে না কাটতে এবার পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ।
নবান্নে পৌঁছেছে অধীর চৌধুরীর সেই চিঠি। সংক্ষিপ্ত চিঠিতে তাঁর স্পষ্ট বক্তব্য, যে সময়কালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেসময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা সরকারের পক্ষে কলঙ্কজনক ঘটনা। এখনও পার্থবাবু রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী। সেই পদ থেকে অবিলম্বে তাঁকে সরানো হোক।






