বিডিও অফিসে দাঁড়িয়ে এক পুলিশ কর্মীর চাকুরী খেয়ে নেওয়ার হুমকী দিলেন বুথ স্তরের তৃনমূল নেতা।সেই পুলিশ কর্মীর অপরাধ হল নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেছিলেন।তৃনমূল নেতার এই ভাবে পুলিশ কর্মীকে হুমকী দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
নির্বাচন কমিশনের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে রাজ্যের সমস্ত মনোনয়ন কেন্দ্রে।অভিযোগ সেই বিধি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ ১৪ জুন বুধবার দুপুর ২ টায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের কুদি বিডিও অফিসে এসে ভিড় করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা।
এগরা থানার পুলিশ মনোনয়ন কেন্দ্রে প্রার্থী ছাড়া বাকিদেরকে কেন্দ্র থেকে দূরে থাকতে বললে। পুলিশের সাথে বচসায় জড়ায় তৃণমূল কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তৃণমূল সমর্থক ও পুলিশের মধ্যে ঠেলাঠেলি হাতাহাতি গড়িয়ে যায়। সেই সময়ে ওই তৃনমূল নেতা এক পুলিশ কর্মীর চাকুরী খেয়ে নেবার হুমকী দেন । যদিও পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এগরা থানার পুলিশ।
অপরদিকে তৃণমূল কর্মীদের দাবী মনোনয়ন কেন্দ্রের গায়েই একটি হোটেলে আমরা খেতে এসেছিলাম কিন্তু পুলিশ জোর করে ঠেলে ধাক্কা দিয়ে আমাদের এলাকা থেকে বার করে দিচ্ছে।এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।






