বুধবার বিকেলে কাঁথি শহরে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর উপর নৃশংস অত্যাচার ও খুনের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর কন্টাই রুর্যাল ব্রাঞ্চের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তবে এই মিছিলে শুধু আইএমএ-র ডাক্তাররাই নন, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডেন্টিস্ট, হোমিওপ্যাথি, এবং আয়ুর্বেদ চিকিৎসকরাও অংশ নেন।
চিকিৎসকদের আহ্বানে সাড়া দিয়ে কাঁথি সদর হাসপাতাল সহ দুই পৌর হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, এবং সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীরা এই মিছিলে যোগ দেন। বিভিন্ন নার্সিংহোমের কর্মচারী, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি ও এক্স-রে টেকনিশিয়ানরা, এবং বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও মিছিলে অংশ নেন।
এই মিছিলে কাঁথির বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষয়ত্রী ও অশিক্ষক কর্মচারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য ছিল। এছাড়াও, কাঁথির বিভিন্ন ক্লাব যেমন লায়ন্স ক্লাব, লায়োনেস ক্লাব, ইনার হুইল ক্লাব, লিও ক্লাব, এবং সাংস্কৃতিক সংস্থা শিল্পী সংসদের সদস্যরাও মিছিলে অংশ নেন।
প্রায় দেড় হাজার মানুষের এই সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসা কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি বারবার উঠেছে। আইএমএ কাঁথি রুর্যাল শাখার সম্পাদক ডা: অনুতোষ পট্টনায়ক, সভাপতি ডা: সত্যম কুমার মাইতি, ট্রেজারার ডা: সুনিত কুমার জানা, এবং যুগ্ম সম্পাদক ডা: অয়ন কুমার মাইতি এই মিছিলটি পরিচালনা করেন। তারা কাঁথির শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত স্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।






