কাঁথি শহরে প্রথমবার রাজ্যের কোন মুখ্যমন্ত্রী রোড শো’য় যোগ দিছেন ।আজ বৃহস্পতিবার বিকালের এই রোড শোকে ঘিরে গত দুই দিন ধরে প্রশাসন ও তৃনমূল নেতা কর্মীদের মধ্যে সাজোসাজো রব ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি শহর জুড়ে পরিক্রমা করবেন। তবে এই রোড শো শিশির অধিকারীর বাড়ি তথা শান্তিকুঞ্জের গলি বাদ থাকছে।
মুখ্যমন্ত্রীর কপ্টার নামবে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। এরপর তিনি জুনপুট মোড়ে গিয়ে মিছিলে যোগ দেবেন বিকেল ৩টে নাগাদ। প্রায় ৪৫ মিনিটের এই মিছিল এরপর এগিয়ে যাবে পোষ্ট অফিস মোড়, চৌরঙ্গী হয়ে রূপশ্রী বাইপাস। সেখান থেকে মেছেদা বাইপাস ধরে দিঘা গামী সড়কে কিছুটা এগিয়ে মিছিলটি শেষ হবে। তারপর সিএসএসএ মাঠ থেকে পরবর্তী গন্তব্যে উড়ে যাবে মমতা।
বৃহস্পতিবার একই দিনে পূর্ব মেদিনীপুরে তিনটি কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে তিনি তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়ায় জনসভায় যোগ দেবেন। সেখান থেকে কাঁথি’র রোড শো। এরপর তিনি উড়ে যাবেন এগরায়।
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা জানান,কাঁথি শহরে প্রথমবার রোড শো’য় যোগ দিছেন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী। শহরের মূল কেন্দ্র জুড়ে তাঁর মিছিল এগিয়ে যাবে। এই মিছিল স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক জমায়েত হচ্ছে বলে দাবী জানিয়েছেন পীযুষ।মুখ্যমন্ত্রীর এই মিছিলে হাজির থাকবেন ৯৮টি গ্রাম পঞ্চায়েত ও ১টি পুরসভার সমস্ত স্তরের মানুষ।
তিনি জানান, এর আগে উত্তম বারিকের সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা করার কথা ছিল। কিন্তু আবহাওয়ার সমস্যার জেরে মাঠের পরিস্থিতি ভালো নেই। তাই শেষ মুহূর্তে জনসভার পরিবর্তে রোড শো’য় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। পীযুষ জানান, “ইতিমধ্যেই রোড শো’র যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কাঁথি শহর জুড়ে।
সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে মুখ্যমন্ত্রীর এই মিছিল প্রথমে অধিকারী মহল্লা ছুঁয়ে আসার পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শহরে ঢুকতে পারত। তবে শান্তিকুঞ্জ সংলগ্ন কলেজ রোড অত্যন্ত সংকীর্ণ হওয়ায় মিছিলের জন্য এই রাস্তার পরিকল্পনা থেকে সরে এসেছে তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য গত তিন বার এই কেন্দ্র থেকে শিশির অধিকারী তৃনমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন।এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছে শিশির অধিকারীর ছোট ছেলে সৌম্যেন্দু।আর তৃনমূল প্রার্থী করেছে পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে






