প্রদীপ কুমার সিংহ
বহুদিন ধরে মা ওপর অত্যাচার করতো ছেলে এবং ছেলের বউ। সোমবার দিন ছেলে ও বৌমা মিলে মাকে এত মারে মুখ ফাটিয়ে দেয়।তিনটি সেলাই পড়ে মায়ের মুখে। মা অত্যাচার সহ্য করতে না পেরে থানায় লিখিত অভিযোগ করে ছেলে ও বৌমার নামে। পুলিশ তদন্ত শুরু করেছে।এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত দুর্গাপুর ইন্দ্রপালা এলাকায়।

ওই বৃদ্ধার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বড় ছেলে স্বপন দে ও বৌমা নমিতা দে তার উপর অত্যাচার চালিয়ে আসছেন। ছেলে তাকে খাওয়া পড়া দেন না উল্টে নানাভাবে হেনস্থা করেন বলে জানান বৃদ্ধা। এর আগে বিমলা দেকে বড় ছেলে ও বড় ছেলের বউ মাথা ফাটিয়ে দিয়েছিল। হাতে কামড়ে ঘর থেকে বার করে দিয়েছিল। দিনের পর দিন বিভিন্নভাবেই অত্যাচার করছিল। বিষয়টি নিয়ে পাড়ায় অনেক বার সালিশি সভা বসেছিল। কিন্তু কোন কিছুতেই ছেলের অত্যাচার থেকে মুক্তি মেলেনি। বৃদ্ধার অভিযোগ, সোমবার বিষয়টি চরমে পৌঁছয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে ছেলে ও বৌমা মিলে তাকে বেধড়ক মারধর করে। ছেলে স্বপন দে ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। বৃদ্ধার ছোট ছেলে বৃদ্ধাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ তদন্ত শুরু করেছে। বৃদ্ধা বিমল দে সাংবাদিকদের বলেন ছেলে ও বৌমার শাস্তি চাই।





