Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

এগরার চোরপালিয়া সমবায় সমিতিতে বিপুল জয় তৃণমূলের

পূর্ব মেদিনীপুরের এগরার চোর পালিয়া সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় অর্জন করল তৃণমূল কংগ্রেস। মোট ৬৭টি আসনের মধ্যে তৃণমূল একাই জয়লাভ করেছে ৬৫টি আসনে, বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন। নির্বাচনের ফল প্রকাশের পর সবুজ আবির মেখে বিজয় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে পরিচালন কমিটির ভোটগ্রহণ শুরু হয়। বিকেল নাগাদ ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায় তৃণমূলের একচ্ছত্র দখল। এই নির্বাচনে বাম ও বিজেপি একজোট হয়ে লড়াইয়ের কথা উঠলেও, জনসমর্থনের অভাবে তারা ধোপে টিকতে পারেনি। যদিও সিপিআইএমের জেলা নেতা ঝাড়েশ্বর বেরা জানিয়েছেন, জোটের অভিযোগ ঠিক নয়, তৃণমূল সন্ত্রাস করেছে, জিততে পারবে না ভেবে ভোট লুট করে জয় লাভ করেছে।

এলাকার বিধায়ক ও বিশিষ্ট সমবায়ী নেতা তরুণ কুমার মাইতি জানান, “সারা বছর তৃণমূল মানুষের পাশে থাকে। বিজেপির সন্ত্রাস ও অন্যায় কাজে মানুষ বিরক্ত। তাই মানুষ এবার উন্নয়নকেই বেছে নিয়েছে।”

বিশেষভাবে নজর কেড়েছে জুমকি গ্রাম পঞ্চায়েতের ফলাফল। এই অঞ্চলটি বিজেপির দখলে থাকলেও, সেখান থেকেও ব্যাপক ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান।

অন্যদিকে বিজেপি নেতা অরূপ দাস কুমার দাস বলেন, “মানুষ চায় না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আর্থিক প্রতিষ্ঠানে আসুক। চুরি-দুর্নীতিতে ভরা তৃণমূলের নেতারা হুমকি ও ভোট লুটের মাধ্যমে এই জয় ছিনিয়ে নিয়েছে।”

Related News

Also Read