গ্রামবাসীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের মথুরা ১২নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্ষেত্রপাল বাজারে আজ শনিবার সকাল ১০ টা নাগাদ অনুষ্ঠিত হল ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা শিবির। এদিন আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হন।

উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে এই নিয়ে তৃতীয়বার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আয়োজন করা হলো। পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজেই প্রাথমিক চিকিৎসা পান, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা করা হয়। বিশেষ করে বয়স্ক মানুষ, মহিলা ও শিশুদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাঁরা নিয়মিত হাসপাতালে যেতে পারেন না, তাঁদের বাড়ির কাছেই চিকিৎসা পৌঁছে দেওয়াই এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার মূল উদ্দেশ্য।
পঞ্চায়েত সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আরও নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। গ্রামবাসীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।





