কেন্দ্রীয় সরকার কর্তৃক ৮০০ ‘র বেশি জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক দামবৃদ্ধির প্রতিবাদে সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আজ ৪ এপ্রিল বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচী হয়। কর্মসূচীতে নেতৃত্বে দেন সংগঠনের জেলা আহ্বায়ক রামচন্দ্র সাঁতরা, প্রণব মাইতি ও ডাঃ জয়দেব ঘড়া,দীপক জানা,নারায়ণ বর্মন,অর্জুন ঘোড়ই প্রমুখ।
সংগঠন জেলা কমিটির পক্ষে রামচন্দ্র সাঁতরা ও প্রনব মাইতি বলেন,গত ১ এপ্রিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এক নির্দেশে ব্লাড সুগার,ব্লাড প্রেসার,অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ প্রায় ৮০০’র বেশি অত্যাবশ্যক জীবনদায়ী ঔষধের ফের অস্বাভাবিক দামবৃদ্ধি করেছে। এরই প্রতিবাদে ও জেলার স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দাবীতে এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি দেওয়া হয়।
অন্যান্য দাবীগুলির মধ্যে অন্যতম হল-তমলুক মেডিকেল কলেজে আল্ট্রাসনোগ্রাফি,সিটিস্ক্যান, এক্সরে,ইসিজি প্রতিদিন চালু রাখা, তমলুক মেডিকেল কলেজে পর্যাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ, হোমিওপ্যাথি বিভাগ চালু প্রভৃতি।
নেতৃবৃন্দ বলেন, দেশের বড় বড় ঔষধ কোম্পানিগুলি কয়েক হাজার কোটি টাকা নির্বাচনী বন্ড কিনে সেই টাকা দেশের ভোটবাজ রাজনৈতিক দলগুলিকে দিয়েছে। ফলস্বরূপ সাধারণ মানুষকে এই আকাশছোয়া দামবৃদ্ধির বোঝা বইতে হচ্ছে। এর বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।






