প্রকাশ্য সভা মঞ্চ থেকে পা ভেঙ্গে দেওয়া,প্রান নাশের সহ একাধিক হুমকি অভিযোগে গ্রেপ্তার হলো রামনগর ২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের মান্দারপুর সোনালী সংঘের সম্পাদক ওয়াসিম রহমান।
ধৃতকে আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল পুলিশের চার্জশিট সহ পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন মৈতনা গ্রাম পঞ্চায়েতের মান্দারপুর গ্রামের রেহেনা খাতুন অভিযোগ করেছে তার স্বামী রবিউল আলীকে হুমকি টিটকারী দিয়েছে। সেই সাথে একটি ভিডিও ফুটেজ জমা দিয়েছেন ।

ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ওয়াসিম রহমানকে গ্রেপ্তার করেছে। অভিযোগ সোনালী সংঘের কর্মকর্তা ওয়াসিম রহমান রবিউল আলীকে অস্বাভাবিক চাঁদা দাবি করে। সেই চাঁদা না দেওয়ায় প্রকাশ্য সভামঞ্চ থেকে পা ভেঙ্গে ঘরে বসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াসিম রহমান। স্থানীয় সূত্রের খবর রবিউল আলী কর্ম সূত্রে বিদেশে থাকে।
এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব অসীম মিশ্র জানিয়েছেন তৃণমূলের দাদাগিরি এখন চরম এ উঠেছে। তার দাদা তৃণমূলের নেতা বলে ধরা কে সরা জ্ঞান করেছে। প্রশাসনের নিয়মে এখন আর চলে না। তৃণমূলের নিয়মটাই নিয়ম। ওরা মানুষকে মানুষ ভাবে না। তৃণমূল দলটা তোলাবাজের দল। তাদের নেতাদের আসল চরিত্রটা প্রকাশ্যে এসেছে। এর বিহিত হওয়া প্রয়োজন। গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন তিনি।





