মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমার পাড়া, আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। সেইমতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় লঙ্কা মাণ্ডিতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেই পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। দুপুর থেকেই সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ।

সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়েই বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। সেইসঙ্গে ছিলেন এগরা ২ ব্লকের জয়েন্ট বিডিও সঞ্চারিনী ঘোষ, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, উপ-প্রধান তপন বেরা, ব্লকের প্রাক্তন সভাপতি দীনেশ কুমার প্রধান ও আরতী মুন্ডা, নিশিকান্ত জানা, বাবুল সাহা প্রমুখ । ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনো বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়েই ব্লক প্রশাসনের সাথে আলোচনা চলছে।

পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে ঠিকই। সেখানে যে সমস্ত মানুষের নথি সংক্রান্ত বিষয়ে ভুলভ্রান্তি রয়েছে সেগুলি তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমাধান করছেন। অন্যদিকে, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। সেই সমস্যা কিভাবে সমাধান হবে তা বিস্তারিত আলোচনা হচ্ছে এবং প্রতি বুথে রাজ্যের মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করেছেন। আশাকরি চলতি বছরেই সমস্ত কাজ করা হবে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান।





