Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বাম কাউন্সিলর

প্রদীপ কুমার সিংহ

 রাজ্যে কার্যত বিভিন্ন জায়গায় সিপিএম, বিজেপি পার্টি থেকে বহু কর্মী ও নেতা এবং কাউন্সিলরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে যোগদান করছে।এবার গড়িয়ায় বাম শিবিরে বড় ধাক্কা। সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজপুর সোনারপুর পুরসভার তিন বারের প্রাক্তন কাউন্সিলর অলোক কয়াল ও বেশ কিছু সিপিএমের কর্মী। শনিবার এক অনুষ্ঠানে যাদবপুর ও ডায়মন্ডহারবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী অলোক কয়ালের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার, ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ ও ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জী।

তৃণমূলে যোগ দিয়ে অলোক কয়াল জানান, মানুষের সেবায় কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “সিপিএমে থেকে আমি মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিলাম। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”এই প্রসঙ্গে জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রতিটি কর্মীই মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই আদর্শেই অনুপ্রাণিত হয়ে বহু মানুষ আমাদের সঙ্গে আসছেন, দল আরও শক্তিশালী হচ্ছে।”এই দিন তৃণমূল কংগ্রেসের তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং জনসংযোগ কার্যালয়েরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনন্যা ব্যানার্জি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান শুধু গড়িয়ায় নয়, গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলায় সিপিএমের সংগঠনে বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। ফলে আসন্ন পুর বা বিধানসভা নির্বাচনে এর প্রভাবও পড়তে পারে।আরও অনেকে অলোক কয়ালের পথ অনুসরণ করবেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এই ব্যাপারে জেলা সিপিএমের নেতৃত্ব কোন কথা বলতে চাইনি।

Related News

Also Read