মাধ্যমিকের মেধা তালিকায় ফের উজ্জ্বল পূর্ব মেদিনীপুর। এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করল অঙ্কন জানা। পূর্ব মেদিনীপুর জেলার এগরার রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলের এই ছাত্রের সাফল্যে খুশির হাওয়া গোটা জেলা জুড়ে। অঙ্কনের প্রাপ্ত নম্বর ৬৯৫।
ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী অঙ্কন নিয়মমাফিক পড়াশোনাকেই তার সাফল্যের চাবিকাঠি বলে মনে করে। পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই তার স্কুলে ভিড় জমাচ্ছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। মিষ্টিমুখ আর অভিনন্দনের জোয়ারে ভাসছে জাহালদার জনজীবন।নিজের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত অঙ্কন। নিজের স্কুল এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে জানায়: “স্কুলের শিক্ষকদের সঠিক দিশানির্দেশ এবং বাবা-মায়ের নিরন্তর উৎসাহ ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মানুষের সেবা করতে চাই।” পাশাপাশি এই স্কুল থেকে অভিসিক্তা রায় সপ্তম হয়েছে। প্রাপ্ত নাম্বার ৬৯১। অনুষ্কা ভক্ত নবম হয়েছে, প্রাপ্ত নম্বর ৬৮৯।
অঙ্কন, অভিসিক্তা ও অনুষ্কার এই সাফল্যে এগরার রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলের শিক্ষকরাও অত্যন্ত গর্বিত। তাদের মতে, এরা শুধু পড়াশোনাতেই নয়, অত্যন্ত বিনয়ী এবং পরিশ্রমী ছাত্র ছাত্রী । মেদিনীপুরের এই ভূমিপুত্রের সাফল্যে জেলা জুড়ে এখন উৎসবের মেজাজ।





