Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

পথশ্রী-৪ প্রকল্পে কাঁথির বামুনিয়ায় ঢালাই রাস্তার শিলান্যাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “পথশ্রী-৪” এবার বাস্তব রূপ পেল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সোমবার কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাওয়া ও কাদুয়া মুকুন্দপুর এলাকায় ঢালাই রাস্তার শিলান্যাস ও কাজের শুভ সূচনা করা হলো।

এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শিলান্যাস করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যে দাবি ছিল, তা মেনেই একসঙ্গে দুটি ঢালাই রাস্তার কাজ শুরু করা হলো।এই দুটি রাস্তা দিয়ে প্রতিদিন বহু গ্রামের মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বর্ষাকালে কাদা ও জল জমে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে উঠত ।স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হত।

 

এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে বলে জানান কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। তিনি আরও আশ্বাস দেন, অবিলম্বে কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হবে, যাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হয়।

শিলান্যাস উপলক্ষে এদিন ছিল রীতিমতো উৎসবের আবহ। ঢাকঢোল ও উপস্থিত জনতার উচ্ছ্বাসে ঘটা করে শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের সভাপতি অমলেন্দু জানা,দেশপ্রাণ ব্লকের বিডিও অরুণ কুমার পাত্র,বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল রঞ্জন মাইতি,দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা জানা।

Related News

Also Read