সাভারকারকে মহান বিপ্লবী সাজাতে গিয়ে মেনড্রেকের ইন্দ্রজালকেও হার মানিয়ে দিলো কর্নাটকের বিজেপি সরকার! তাও আবার অষ্টম শ্রেনীর পাঠ্যবইতে স্থান পেয়েছে।বিষয়টা নজরে আসতেই বিরোধীদের প্রবল সমালোচনার মুখে বিজেপি।সোস্যাল মিডিয়াতেও কড়া সমালোচিত ।
পাঠ্য বইয়ের আজগুবি অংশ নিয়ে যতই সমালোচনা হোক এই অংশকে কার্যত স্বীকৃতি দিয়েছেন কর্ণাটকের স্কুলশিক্ষামন্ত্রী বি সি নাগেশ। তিনি বলেছেন, সাভারকার একজন মহান স্বাধীনতা সংগ্রামী। যতই প্রশংসা করা হোক না কেন, তাঁর পক্ষে তা যথেষ্ট নয়। ওই পাঠ্যাংশে যা লেখা হয়েছে,তা একদম ঠিক।
কি আছে পাঠ্য বইতে ? অষ্টম শ্রেণির দ্বিতীয় ভাষার পাঠ্যবইতে ‘কালাভান্নু গেড্ডাভারু’কে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়। এই গল্পের লেখক আন্দামান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সেখানেই আন্দামানের বিখ্যাত সেলুলার জেল দেখার অভিজ্ঞতার কথা লিখেছেন। সেই অভিজ্ঞতার কথা লিখতে গিয়েই সাভারকারের প্রসঙ্গ টেনে এনেছেন লেখক।
সেখানেই এক জায়গায় লেখা হয়েছে সাভারকার যে সেলের মধ্যে থাকতেন, সেখানে একটা চাবি গলানোরও জায়গা ছিল না। কিন্তু একটি বুলবুল পাখি রোজ সাভারকারের সেলের সামনে আসত। সেই পাখির ডানায় ভর করেই জেল থেকে বেরতেন সাভারকার। তারপর মাতৃভূমি থেকে ঘুরে আসতেন তিনি।
এই আজগুবি অংশ নিয়ে বিরোধীরা আপত্তি তুললেও বিজেপির এই নিয়ে কোন হেলদোল নেই।






