স্বামী বিবেকানন্দের ১৬৪-তম জন্মদিবস উপলক্ষে কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির সামনে ছাত্রদের অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়। স্বামীজির ১৬৪-তম জন্মদিবস উপলক্ষে ১৬৪টি শঙ্খধ্বনির মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শঙ্খধ্বনির পবিত্র ধ্বনিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এরপর স্বামী বিবেকানন্দের পদতলে দাঁড়িয়ে উপস্থিত ছাত্ররা দেশ গঠনের জন্য শপথ বাক্য পাঠ করে। এই শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার গিরি।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে স্বামী বিবেকানন্দের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবব্রত মাইতি। তিনি তাঁর বক্তব্যে স্বামীজির আদর্শ, মানবতাবাদ ও যুবসমাজের প্রতি তাঁর আহ্বানের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়াও আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক অশোক বর্মন, সত্যজিৎ মান্ডি প্রমুখ। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল যোগা প্রদর্শন। যোগার শিক্ষক উমাশঙ্কর মান্নার তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্ররা সুশৃঙ্খলভাবে যোগা প্রদর্শন করে। এই যোগা প্রদর্শনের মাধ্যমে স্বামী বিবেকানন্দের শারীরিক ও মানসিক সুস্থতার দর্শন সুন্দরভাবে ফুটে ওঠে।

সমগ্র অনুষ্ঠানটি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদের চরিত্র গঠন, দেশপ্রেম ও আত্মবিশ্বাস জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। শ্রদ্ধা, শৃঙ্খলা ও প্রেরণায় ভরপুর এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি।





