Select Language

[gtranslate]
২রা পৌষ, ১৪৩২ বুধবার ( ১৭ই ডিসেম্বর, ২০২৫ )

পুলিশের র‍্যালি ও রিফ্লেক্টিভ টেপ লাগিয়ে সচেতনতা বাড়ানো হল

শীতের মরসুম ঘনিয়ে আসতেই দিঘায় বাড়ছে পর্যটকের ভিড়। সেই সঙ্গে বাড়ছে পথ দুর্ঘটনার আশঙ্কাও। এই পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল দিঘা ট্রাফিক পুলিশ। সোমবার ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অংশ হিসেবে দিঘার হোটেল অম্বালিকা থেকে যুব আবাস পর্যন্ত একটি সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে পা মেলান স্থানীয় বাসিন্দা, সাধারণ পথচারী, পর্যটক থেকে শুরু করে বহু গাড়িচালক।

সকাল থেকেই হোটেল অম্বালিকা সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন র‍্যালিতে অংশগ্রহণকারীরা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সড়ক নিরাপত্তার বার্তা ছড়াতে শুরু করেন তাঁরা। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শীতের আগে থেকেই দিঘায় পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে। ফলে রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

র‍্যালি যুব আবাস মোড়ে পৌঁছলে শুরু হয় দ্বিতীয় দফার সচেতনতা কার্যক্রম। সেখানেই দিঘা ট্রাফিক ওসি রমেন্দ্রনাথ শ্যাম নিজে উপস্থিত থেকে থামান প্রতিটি গাড়ি। গাড়িচালকদের লাইসেন্স, সেফটি রুল, অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ একাধিক বিষয় সম্পর্কে সতর্ক করেন তিনি। পাশাপাশি প্রতিটি গাড়িতে লাগানো হয় রিফ্লেক্টিভ টেপ।

ট্রাফিক সূত্রে জানা যায়, রিফ্লেক্টিভ টেপ লাগানো হলে রাতের অন্ধকারে আলো পড়লেই গাড়িটি দূর থেকেই চোখে পড়ে। বিশেষত দিঘার মতো পর্যটনকেন্দ্রে, যেখানে সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়ে, সেখানে এই টেপ দুর্ঘটনা কমাতে বড় ভূমিকা রাখবে। ওসি রমেন্দ্রনাথ শ্যাম বলেন,

“পর্যটক ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। রিফ্লেক্টিভ টেপ থাকলে গাড়ি সহজে সনাক্ত করা যায়, ফলে দুর্ঘটনা অনেকটাই কমবে।”

পথ নিরাপত্তা সচেতনতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মসূচির শেষে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত সাধারণ মানুষ, পর্যটক ও গাড়িচালকরা এই উদ্যোগের প্রশংসা করেন। অনেকের মতে, দিঘায় পর্যটক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের গাড়ির চাপও বেড়েছে। ফলে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

 

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের দাবি, দিঘায় পর্যটন মরসুমের আগে এমন সচেতনতা কর্মসূচি প্রয়োজন ছিল। এতে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এবং দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাবে বলেই আশা করছেন তাঁরা।

সামগ্রিকভাবে দিঘা ট্রাফিক পুলিশের এই উদ্যোগ পর্যটন মৌসুমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন। র‍্যালি ও রিফ্লেক্টিভ টেপ লাগানোর মতো পদক্ষেপ আগামীদিনে পথ দুর্ঘটনা কমাতে কার্যকর হবে বলেই মত বহু মানুষের।

Related News

Also Read