প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেছেন। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৫ হাজার ৪৯৪ মিটার এবং নির্মাণব্যয় ৮ হাজার ৭৯ কোটি ৬১ লাখ টাকা। আজ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সেতুগুলো উদ্বোধন করেন।

সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।
এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে সেতু উপহার দেবেন। আমরা শুভক্ষণের জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






