Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বিব্রত হওয়ার কিছু নেই, সত্য কথা বলেছি : রাফী ।।

দীঘির সঙ্গে কদিন আগে বির্তকে জড়িয়েছিলেন পরিচালক রায়হান রাফী। সিনেমার জন্য প্রাথমিক আলাপ ও পরে না নেয়ায় অভিযোগ তুলে রাফীর দিকে কৌশলে আঙুল তুলেছিলেন দীঘি। সেই বিষয় প্রকাশ্যে এলে রাফীও কড়া জবাব দেন।

নেটিজেনরা হুমড়ি খেয়ে দেখেছিলেন সেই বিতর্ক। শেষ পর্যন্ত বেশ জল ঘোলা হয় রাফী ও দীঘির সেই বাগবিতণ্ডা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন রাফী।


পোড়ামন ২, পরাণ, দামাল-এর মতো আলোচিত সব ছবির পরিচালক রায়হান রাফী বলেন, “হিট অব মোমেন্টে কথা বলেছিলাম। এই কারণে সুন্দর কথাগুলো খারাপ শোনা যায়। কিন্তু এতে আমার বিব্রত হওয়ার কিছু নেই। আমি সত্য কথাটা বলেছি, হয়তো আমার কথা বলার ধরন অন্যরকম ছিল।

পরিচালক আরও বলেন, “অনেক কথা বলেছিলাম। কিন্তু সংবাদ মাধ্যমে সংক্ষিপ্ত করে বিশেষ বিশেষ অংশ প্রচার হয়েছিল। যেহেতু আমি মানুষ, একেক সময় একেক মানসিক অবস্থায় থাকি। মুডের উপর ডিপেন্ড করে তখন কথা বলতে হয়। যাই হোক যা হয়ে গেছে তা নিয়ে এখন আর কথা বলতে চাই না।”

দীঘির সঙ্গে বিতর্কে জড়ানোর পর নেটিজেনদের একাংশ রাফীর দিকে আঙুল তুলে বলেছিলেন, হিট সিনেমা দেওয়ার ফলে রাফী অহংকারী হয়ে গেছেন। সত্যি কি তাই? রাফী পরিষ্কার ব্যাখ্যায় জানিয়েছেন, “যারা এমন বলেছেন তাদের সঙ্গে আমার কাজের প্রতিযোগিতায় বিরোধ। আমি অহংকারী হলে এখন এই বিষয়ে ইন্টারভিউ দিতাম না।”

রায়হান রাফী আরও বলেন, “আমি মনে করি, কাজ দিয়ে আলোচনার আসার পর অনেকেই আমাকে টেনে নামানোর চেষ্টা করছে। তারা বলে বেড়াচ্ছে আমি অহংকারী হয়ে গেছি। কিন্তু একদমই না। দিন শেষে আমি মানুষ। ভুল ত্রুটির উর্দ্ধে নই। যদি ভুল করে থাকি ধরিয়ে দিলে ভুল শুধরে নেয়ার চেষ্টা করি “

চলতি বছর ঈদুল আযহায় ব্লক বাস্টার হিট ‘পরাণ’ উপহার দিয়েছেন রায়হান রাফী। পরে তার ছবি ‘দামাল’ মুক্তি পায়। এই ছবি দিয়েও ভূয়সী প্রশংসা পান রাফী। আগামীতে তিনি সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ ও আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ নামে দুটি ছবি করতে যাচ্ছেন বলে জানালেন।

রাফী বলেন, শাকিব খান, নিশো দুই মাধ্যমের দুই সুপারস্টার। আগামী জানুয়ারিতে ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং শুরু করবো। পরে হবে ‘প্রেমিক’। তবে দুটোরই প্রি-প্রোডাকশন চলছে। দুটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু ‘সুড়ঙ্গ’-এর কাজ আগেই হাতে নিয়েছিলাম, তাই এটি আগে শুটিং শুরু করবো।

Related News

Also Read