প্রতি বছর নিয়ম করে কাঁথি ৩ ব্লকের ভাঁইটগড় নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ব্লকের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
পড়াশোনায় আরও উৎসাহিত করতে রবিবার সকালে নাচিন্দা জীবনকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ২০ টি বিদ্যালয়ের ২০২২ সালের ১৫০ জন কৃতী’কে একটি মেমেন্টো, নগদ এক হাজার টাকা, পড়াশোনার বেশ কিছু সামগ্ৰী ও ফুলের স্তবক তুলে দেওয়া হয়। সমবায় সমিতির পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমিতির সভাপতি অমৃতাংশু প্রধান।
ছাত্র ছাত্রীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক বাসুদেব পড়্যা বলেন, কেবল ভাল ফল করা নয়, ভালো মানুষ হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী মায়াধীশানন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথিকা জানা, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ, শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস, পাশ্ববর্তী নাচিন্দা হাইস্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা, বনমালীচট্টা হাইস্কুলের সহশিক্ষক অজয় গিরি সহ অন্যান্য অতিথি বর্গ।
মাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী অনুমিতা দাস ও মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় একুশ রাঙ্কিং প্রাপ্ত অম্লান পাত্র, ব্লকেরই এই দুই কৃতী’কে সামনে রেখে উপস্থিত ছাত্র ছাত্রীদের উৎসাহিতও করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার অনুপম মান্না।







