Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। সমান্তরাল সম্পর্ক ।।

সমান্তরাল সম্পর্ক:-সংঘমিত্রা রায়

আজ ১৩ দিন হল শর্মি চলে গেছে। আপন মনে তুয়া তাকিয়ে আছে শর্মির ছবিটা দিকে। কি জানি পুরোহিতের একটি মন্ত্রও তার কানে যাচ্ছে কিনা?

তুয়া, শর্মি আর শৈবালের একমাত্র কন্যা। সবে ক্লাস ইলেভেন পাশ করে টুয়েলভে উঠেছে।

দরজার এক কোণে দাঁড়িয়ে শৈবাল। সম্পর্ক কোনদিনই খুব সুমধুর ছিল না শৈবাল আর শর্মীর। গৃহদ্বন্ধ লেগেই থাকত তাদের। কতদিন স্থির করেছে শর্মিকে ডিভোর্স দিয়ে চিরতরে তার জীবন থেকে সরিয়ে দেবার কথা। তবে আজ কেন বুকের ভিতর ডুকড়ে উঠছে শৈবালের ?বহু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার।

শর্মি আর শৈবাল একই কলেজে অধ্যাপনা করতো। শৈবালের সুপুরুষ চেহারা সারা জীবনই ছাত্রীদের মনে যেন এক তরঙ্গে সৃষ্টি করতো। শৈবাল বেশ পপুলার ছিল ছাত্রীদের মাঝে। ছাত্রী সঙ্গ বেশ ভালো লাগতো শৈবালের। আর এটাই ছিল গৃহ বিবাদের একমাত্র কারণ। লুকিয়ে ছাত্রীদের সাথে চ্যাট করা বা নিজের ফোন ওয়ালেট সযত্নে গোপন করার অভ্যাস শৈবালের বহুদিনের।
প্রশ্ন করলেই ঘর যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হতো।

তাই সেভাবে সম্পর্কের বাঁধন বহুদিন আগেই আলগা হয়ে গেছিল। দুজনের ঘড় আলাদা, বিছানা আলাদা তবু একই ছাদের তলায় দিন কাটছিল দুই মেরুর দুজনের মতো।

তবে শর্মি চলে যাওয়াতে কেন এই শূন্যতার সৃষ্টি হলো।বার বার কেন ডুকরে উঠছে মনের ভেতরটা। বিয়ের পরের স্মৃতিগুলো যেন চোখের সামনে বারবার ভেসে উঠছে । শর্মির শারীরিক অসুস্থতাতেও কোনদিন গা করেনি শৈবাল।
শৈবালের প্রথম থেকেই ধারণা ছিল এগুলো শর্মির সব তার নিজের প্রতি আকর্ষণ তৈরি করবার জন্য পরিকল্পনা।

কিন্তু ভিতরে ভিতরে বাসা বেধেছিল হৃদরোগ। তাই মুহূর্তের দমকা হওয়ার মতোই সব মায়াজাল ছিড়ে শর্মি পাড়ি দিল না ফেরার দেশে।
আজ বহু কথা মনে পড়ছে শৈবালের। আজ কেন বড় একা লাগছে শৈবালের? আজ বারবার মনে হচ্ছে, কত ভুল কত মিথ্যে বারবার বলেছে শর্মিকে শৈবাল। কিন্তু কি লাভ হল?

কি পেল শৈবাল। যে শর্মির সাথে তার কথা বন্ধ ছিল বহুদিন, আজ সেই শর্মীর জন্যই কত কথা যেন জমে রয়েছে শৈবালের মনে। বারবার মনে হচ্ছে ছুটে যেতে, শর্মির কাছে। একটা বারের জন্য হলেও কি আবার আগের মতো ফিরে পেতে পারে না শৈবাল, শর্মিকে?

হায়রে বিধাতা শর্মি আর শৈবাল সারাটা জীবন সমান্তরাল রে রেখার মতই পাশাপাশি চলেছে ,মিলিত হলো না কোনদিন। বহু সম্পর্কই সমান্তরাল লেখার মতো চলতে চলতে একদিন হারিয়ে যায় পথের বাঁকে, আজ শৈবাল এই সমান্তরাল রেখার শেষ খুঁজছে যা আজ প্রায় অসম্ভব। বহু প্রেম এভাবেই ঢাকা পড়ে থাকে শুধু সমান্তরাল পথ চলতে চলতে।

সৌজন্যে প্রতিলিপি

Related News

Also Read