Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে নামলেন কয়েক হাজার নাগরিক

এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে এবার আন্দোলনে নামলেন এগরার সাধারণ নাগরিকরা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁকে জেলবন্দি করা হয়েছে—এই অভিযোগে সোমবার বিকেলে শহরজুড়ে অনুষ্ঠিত হয় এক বিরাট প্রতিবাদ মিছিল।

বিকেলে এগরার দীঘা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মী-সমর্থকেরা। শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করার সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও প্রমাণ ছাড়াই রাজনৈতিক চক্রান্ত করে চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেপ্তার করা হয়েছে।

শহর পরিক্রমা শেষে মিছিলটি এসে শেষ হয় এগরার ত্রিকোণ পার্কে। সেখানে আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা। সভার বক্তারা বলেন,

“চেয়ারম্যান স্বপন নায়ক এগরার উন্নয়নের কাণ্ডারি। তাঁকে চক্রান্ত করে জেলে পাঠিয়ে শহরের স্বাভাবিক উন্নয়ন ও প্রশাসনিক কাজকর্ম ব্যাহত করা হচ্ছে।”

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে এবং নিঃশর্তভাবে স্বপন নায়ককে মুক্তি না দেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সভাস্থলে জয়ন্ত সাউ-এর বিরুদ্ধে তীব্র স্লোগান উঠতে দেখা যায়—

“জয়ন্ত সাউ দূর হটাও”।

বক্তব্যে অভিযোগ করা হয়, তৃণমূলেরই এক পক্ষ জননেতা হিসেবে স্বপন নায়কের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতেই এই চক্রান্তে নেমেছে। চেয়ারম্যানের মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেন নাগরিক কমিটির সদস্যরা।

এই প্রতিবাদ মিছিলের জেরে বিকেলে এগরা–দীঘা সড়ক ও সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Related News

Also Read