প্রদীপ কুমার সিংহ
দুদিন আগে বালিগঞ্জের বাড়িতে গিয়েছিলেন !শুক্রবার ভর সন্ধ্যায় জানালার গ্রিল কেটে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শুক্রবার সপরিবারে বালিগঞ্জে গিয়েছিলেন বারুইপুর রামমোহন পল্লীর কার্তিক সরদার। শুক্রবার রাত তখন পৌনে দশটা, বাড়িতে ফিরে সদর দরজার গেটে লাগানো তালা খুলে ঘরে ঢুকতে গিয়ে আঁতকে ওঠেন কার্তিক বাবু। ঘরে ঢোকার কাঠের দরজা খোলা যাচ্ছে না। ভিতর থেকে দরজায় ছিটকানি দেওয়া। সাথে সাথেই কার্তিক বাবু বুঝে যান ঘরের ভিতরে কেউ আছে। তিনি আশেপাশের প্রতিবেশীকে ডাকেন।

বাড়ির চারপাশে দেখতে থাকেন কেউ কোনভাবে বাড়ির ভিতরে ঢুকেছে কিনা। তখনই তার নজরে আসে বাড়ির পিছনে একটি জানলার গ্রিল কাটা। সাথে সাথেই কার্তিক বাবু ও প্রতিবেশীরা বারুইপুর থানায় খবর দেয়। বারুইপুর থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। প্রথমে কার্তিক বাবু ও তার প্রতিবেশীরা ভেবেছিলেন চোর ভিতরে আছে। সেইমতো পুলিশ কাটা গ্রিলের জানালার কাছে গার্ড দিয়ে মেন গেটের সদরের কাঠের দরজা ভেঙে ভিতরে ঢোকে। দোতলা বাড়ির প্রতিটি ঘর প্রতিটি কোনা তন্ন তন্ন করে খোঁজে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তবে এটা পরিষ্কার ঘরের ভেতর ঢুকে রীতিমতো তান্ডব চালিয়েছে চোর বা চোরের দল। একটি ঘরে চারটি আলমারির লন্ডভন্ড অবস্থা। প্রতিটি আলমারির লকার ভাঙা। লকারে থাকা নগদ প্রায় ৫০ থেকে ৬০হাজার টাকা ও বেশ কিছু সোনার গয়না খোয়া গিয়েছে বলে জানিয়েছেন, বাড়ির গৃহকর্তী দোলা সরদার। শনিবার সকালে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কার্তিক বাবু।

এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে রামমোহন পল্লীর বাসিন্দারা। তাদের একটাই প্রশ্ন? দরকারে কি বাড়ির বাইরে যাওয়া যাবে না? এর আগেও কার্তিকবাবুর বাড়িতে চুরি হয়েছিল। আর তাই রীতিমতো ভয়ে ও আতঙ্কে রয়েছে কার্তিক বাবুর পরিবার থেকে শুরু করে রামমোহন পল্লীর বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।এই নিয়ে এলাকার চাঞ্চল্য ছড়ায়!





