পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত ও দু নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল শ্রীরামপুর ও দক্ষিণ রাউতারা গ্রামের মাঝের একটি খালে রবিবার সকালে এফসিআই এর লোগো লাগানো বস্তা বস্তা চাল পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন।
জানা গেছে এলাকার কয়েকজন বাসিন্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় খালের ওপর কচুরিপানায় চালের বস্তুৃা আটকে আছে দেখতে পায়। কৌতূহল বসত সেই বস্তা তুলতে দেখা যায় সরকারি স্টেম্প লাগানো চাল ভর্তি বস্তা। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে প্রায় ১০০ বস্তা চাল উদ্ধার করে । কে বা কারা রাতের অন্ধকারে এতো পরিমাণ চালের বস্তা খালে জলের ফেলে দিয়েছে তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।
কংগ্রেস দাবি করেছে এই চাল ক্যানেল থেকে উদ্ধার হওয়ার পিছনে বড় ষড়যন্ত্র থাকতে পারে। কংগ্রেসের জেলা সভাপতি মানস কর মহাপাত্র বলেন এই চাল হয় পাচার করার সময় এই ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে অথবা চুরি করে কোথাও জমা রাখা ছিল ধরা পড়ার ভয়ে সেই চাল খালে ফেলে দেওয়া হয়েছে। আমাদের সন্দেহ হচ্ছে, এই ঘটনার পেছনে শাসকদলের কোন কেউকেটা এবং প্রশাসনের কোন দুর্বৃত্ত অংশের যোগাযোগ থাকতে পারে। যখন বহু মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন তখন এই ধরনের ঘটনা ক্ষমাহীন অপরাধ। তাই মানস বাবু তাঁর দল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।






