মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি এগরা আঞ্চলিক কমিটির উদ্যোগে শুক্রবার ‘জাতীয়তাবাদের পিতামহ’ ঋষি রাজনারায়ণ বসুর দ্বি-শততম জন্মবার্ষিকী উদযাপিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ঐতিহ্যবাহী স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা, কাঁথি-এগরা আঞ্চলিক ইউনিটের সভাপতি হৃষিকেশ দাস, দীপক কুমার মাইতি, সুমন নারায়ন বাখরা, গৌতম মাইতি, রমনী কান্ত পাত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবব্রত মাইতি, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, শিক্ষক অজয় কুমার গিরি, অশোক বর্মন, প্রসেনজিৎ প্রধান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ঋষি রাজনারায়ণ বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যেখানে বক্তাগন ঋষি রাজনারায়ণ বসুর জীবন, কর্ম ও জাতীয়তাবাদী ভাবনার তাৎপর্য আলোকপাত করেন। প্রথম পর্বের আলোচনা শেষে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রদের নিয়ে ঋষি রাজনারায়ণ বসু বিষয়ক একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির ছাত্র শৌভিক বারিক। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে পরিবেশিত হয় মনোজ্ঞ জাতীয়তাবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার আবহ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি ও অশোক বর্মন। অনুষ্ঠানের শেষপর্বে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকল অতিথি, শিক্ষক ও ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।





