তারা টিভি আয়োজিত জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতা ‘ডান্স বেঙ্গল ডান্স’-এর মঞ্চে দিনের সেরা নৃত্যশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে কিশোরনগর এলাকার কৃতী ছাত্রী নৈঋতা দাস মহাপাত্র।
‘জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন ২ তে নাচের মহাযুদ্ধ’ পর্বে অসাধারণ নৃত্য পরিবেশনের জন্য পুরস্কার হিসেবে সে পেয়েছে ৫০ হাজার টাকা।
নৈঋতা কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ছোটবেলা থেকেই নাচ ও গানে তার বিশেষ পারদর্শিতা নজর কেড়েছে সকলের। তার বাবা দেবজ্যোতি দাস মহাপাত্র ও মা মধুমিতা দাস মহাপাত্র। তাঁদের আদি নিবাস এগরার কুদি এলাকায় হলেও বর্তমানে তাঁরা কাঁথি শহরের কিশোরনগর এলাকায় বসবাস করছেন।
প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন লাবণী সরকার, মহুয়া দাস ও রাজীব বিশ্বাস। বিজয়ী নৈঋতার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন বিচারক ও অভিনেতা রাজীব বিশ্বাস এবং ট্রফি প্রদান করেন নৃত্যশিল্পী মহুয়া দাস।
নৈঋতার এই সাফল্যে পরিবার-পরিজনের পাশাপাশি কিশোরনগর এলাকার বাসিন্দাদের মধ্যেও আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।





