ফের বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গরু পাচার, কয়লা পাচার-সহ বেআইনি আর্থিক মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যোগাযোগের অভিযোগ তুলে সরব হলেন কুণাল ঘোষ। তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্য বিজেপি নেতৃত্ব বারবার দাবি করে আসছে, বিনয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিন কয়েক আগে থেকেই বিনয়-শুভেন্দু যোগ নিয়ে সরব হয়েছেন।
এর পরেই বিরোধী দলনেতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের চ্যালেঞ্জ, ২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর সন্ধে ছ’টা থেকে সাতটা পর্যন্ত নিজাম প্যালেসে বিনয় মিশ্রর ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে বৈঠক করেছেন কিনা জবাব দিন শুভেন্দু অধিকারী।
এদিন কুণাল বলেন, “কথায় কথায় মানহানির মামলা করেন শুভেন্দু, আইনজীবীর চিঠি পাঠান। অভিষেকের অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে কেন মানহানির মামলা করলেন না? শুভেন্দু মামলা করলে অডিও ক্লিপটি আদালতে পেশ করবেন অভিষেক।” শুভেন্দু মামলা না করলে বুঝতে হবে অভিষেকের অভিযোগই সঠিক, দাবি তৃণমূল মুখপাত্রের।






