রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের আমদাবাদ সমবায়ের ডিরেক্টর নির্বাচনে সব আসনে জিতলেন রাজ্যের শাসকদলের অনুগামীরা। খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। সমবায় ভোটে জয়ের পর সবুজ আবিরে পরস্পরকে রাঙিয়ে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা।রাজ্য বিজেপি-র অন্যতম মুখ তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রামে তৃণমূলের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
আমদাবাদ কলেজে আজ সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়।আমদাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের এই আমদাবাদ সমবায় সমিতিতে মোট ভোটার ৯০০ জন। তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম- এই তিনটি দলই ১২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বৃহস্পতিবার নন্দীগ্রামে গিয়ে সেবাশ্রয় প্রকল্পের সূচনা করে এসেছেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এই কর্মসূচির বড় ভূমিকা রয়েছে বলেই দাবি তৃণমূলের।একই সাথে তৃনমূলের দাবি সেবাশ্রয় প্রকল্পের সুফল আসতে শুরু করেছে।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক বলেন, নন্দীগ্রামের সমবায় নির্বাচনের ফল বলে দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প ম্যাজিক দেখাতে শুরু করেছে। আমরা আশা করব, এই সমবায় নির্বাচনের ফলের মতোই আগামী বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম আসন জিতে তাঁকে ও দলনেত্রীকে উপহার দিতে পারব।





