পূর্ব মেদিনীপুর জুড়ে আজ যেন উৎসবের আবহ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আর সেই উচ্ছ্বাসকেই ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে প্রকাশ করলেন এগরা ২ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার দুয়ারী।

শুক্রবার সকালে দুবদা দুর্গা মাতার মন্দিরে ঘটা করে আয়োজন করা হয় বিশেষ পুজো ও হোমযজ্ঞের। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব, শতাধিক কর্মী ও সমর্থক। সকাল থেকেই মন্দির চত্বর মুখর হয়ে ওঠে দলীয় স্লোগান, শুভেচ্ছাবার্তা ও পূজার সুরে। সজ্জিত মন্দির প্রাঙ্গণে ফুল, মালা, ধূপ, প্রদীপ, ঢাকের তালে শুভ জন্মদিনের শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এই বিশেষ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, নিজে পুজোতে অংশ নেন এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেরণা, আমাদের দলের নবযুগের স্থপতি। তাঁর শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনাতেই আজ এই বিশেষ পুজো আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল আবারও বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।”
তৃণমূল কর্মীদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল নতুন প্রজন্মের রাজনীতির মডেল তৈরি করেছে — যেখানে সংগঠন, শৃঙ্খলা ও জনগণের পাশে থাকা সবচেয়ে বড়ো অঙ্গীকার।

এদিন পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল প্রসাদ বিতরণ, মঙ্গল সঙ্গীত ও দলীয় কর্মীদের সমবেত প্রার্থনা। স্থানীয় মানুষও এই আয়োজনে অংশ নিয়ে জানান, “রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে প্রার্থনা ও শুভকামনা— এটিই বাংলার সংস্কৃতি।”





