রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল রাহুল বন্দ্যোপাধ্যায়ের! পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন এই অভিনেতা
নায়ক হিসেবে প্রথম বাংলা সিনেমাতেই শোরগোল ফেলে দেন রাহুল বন্দ্যোপাধ্যায়। রাহুল ও প্রিয়ঙ্কা সরকারের প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বাংলা সিনেমা জগতে আলোড়ন ফেলে।সিনেমা, সিরিয়াল, থিয়েটারে অবাধ বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবার থিয়েটার গ্রুপ ছিল। সেখানে অভিনয়ে হাতেখড়ি। এরপর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
দিঘার তালসারি বিচে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করছিলেন। একটি বোটে ছিলেন তিনি। বোট দুর্ঘটনায় জলে পড়ে যান। টেকনিশিয়ানরা উদ্ধার করেন। উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। শোকস্তব্ধ টলিউড।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।” শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাঁকে আনতে যাওয়া হয়।





