খেজুরীর ইড়িঞ্চি গ্ৰামে অবস্থিত সি এ ডি সি পরিচালিত ‘ ইকো অ্যান্ড ন্যাচারাল হাব ‘-এর অবসারিকা কটেজের অনুষ্ঠানমঞ্চে সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক তরুন মজুমদারের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। এই স্মরণসভায় উপস্থিত সকলে তরুন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন। উপস্থিত বিশিষ্ট চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে কবি অমৃত মাইতি, বিমান নায়ক, ড. বিষ্ণুপদ জানা, নমিতা নায়ক, সমরেশ পড়্যা , মিলন সিনহা, অসিত গিরি প্রমুখ তরুন মজুমদারের জীবন ও বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। তরুন মজুমদারের চলচ্চিত্রে ব্যবহৃত সংগীত পরিবেশন করেন মধুমিতা গিরি, কৃষ্ণা সিনহা, বিমান নায়ক।

আয়োজক সংস্থার পক্ষে সম্পাদক সুমন নারায়ন বাকরা জানান, খেজুরী সিনে সার্কেল আয়োজিত ‘ ১ম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা’র উদ্বোধন করতে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর খেজুরী কলেজে এসেছিলেন তরুন মজুমদার । তাঁর উৎসাহে উৎসাহিত হয়ে তিনি খেজুরীর আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি, পর্যটন সম্ভাবনা ইত্যাদি সকলের কাছে তুলে ধরতে ‘ খেজুরী : অ্যান অ্যাবানডন্ট হিস্ট্রি অফ বেঙ্গল ‘ নামে একটি ৩২ মিনিটের তথ্যচিত্র প্রযোজনা করেছেন। ইতিমধ্যে খেজুরী সাহিত্য সম্মিলনী পরিচালিত ‘ বইমেলা -২০২২ ‘ -এ গত ২০মে ঐ তথ্যচিত্রটির ১ম পর্ব প্রদর্শিত হয়েছে। ২য় পর্বের কাজ চলছে। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খেজুরী সিনে সার্কেল-এর সহকারী সম্পাদক সুদর্শন সেন ও ড. বিষ্ণুপদ জানা।






