কেলেঘাই নদীর জলস্তর এখনও বিপদসীমার অনেক নীচে আছে। তবে, জলস্তর দ্রুত বাড়ছে। কাঁটাখালি ব্রিজের একটা অংশ বসে গেছে। তাই ব্রীজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়েছে।
সকাল থেকে ভগবানপুর এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত। ওদিকে ছোটনাগপুর মালভূমি এলাকায় লাগাতার ভারী বৃষ্টির ফলে, বন্যার আশঙ্কা করছেন ভগবানপুরের মানুষজনের একাংশ।
চলতি নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে কয়েকদিন ধরে অতিবর্ষণ চলছে। এরই মধ্যে গতকাল থেকে ডিভিসি,কংসাবতী,দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু হয়েছে জলছাড়া। ফলস্বরূপ ক্রমাগত বাড়ছে কোলাঘাট, পাঁশকুড়া, শহীদ মাতঙ্গিনী সহ বিভিন্ন ব্লকের জলবন্দী এলাকা। ইতিমধ্যে নিচু এলাকার রাস্তা-ধানক্ষেত জলমগ্ন হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গত ২০২১ সালে জেলা জুড়ে বন্যা এবং জলবন্দী পরিস্থিতির পর সেচ ও প্রশাসন দপ্তর কোন কাজে হাত না দেওয়ায় জেলার বিস্তীর্ন অংশে জলবন্দীর আশঙ্কা দেখা দিয়েছে। যাহাতে জলাধার থেকে একসঙ্গে বেশী পরিমাণ জল না ছাড়া হয়,সেই আবেদন জানিয়ে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও জেলা শাসককে আবেদন জানানো হয়েছে।







