পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই হাই স্কুলের সামনে ভোট গণনা চলা কালীন বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতিকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিলো বিজেপির সমর্থকেরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এদিন পঞ্চায়েত সমিতির ভোটের গণনার শেষে দেখা যায়, এগরা ২ পঞ্চায়েত সমিতিতে ২৪ আসনের মধ্যে ১২ টি তে জয়লাভ করেছে বিজেপি। পাশাপাশি ১২ টি আসন পায় তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ যেহেতু পঞ্চায়েত সমিতি টাই হয়ে গিয়েছে, তাই তাঁদের জয়ী প্রার্থীদের শংসাপত্র দিচ্ছে না এগরা ২ ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও কৌশিস রায়। এর জেরে তুমুল বচসা হয়। ঠিক সেই সময় এগরা ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ প্রধান বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বাদাণুবাদে জড়িয়ে পড়েন। পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতিকে ঘিরে পুলিশের সামনেই চলে বচসা। সেই সঙ্গে বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বালিঘাইতে রাতের অন্ধকারে চরম উত্তেজনা ছড়ায়। তবে এবিষয়ে তৃণমূল নেতা ও এগরা ২ ব্লকের বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পর বালিঘাইতে গণনাকেন্দ্রে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।






