রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে এবার কলকাতা উচ্চ আদালতে মামলা হল ।কাঁথির বাসিন্দা আইনজীবি আবু সোহেল এই মামলা করেন । জানা গেছে মামলা গ্রহন করেছে কলকাতা উচ্চ আদালত।প্রসঙ্গত এর আগে নন্দকুমার থানায় এই আইনজীবি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করেছিলো।
গত ৮ ডিসেম্বর কলকাতা আদালতের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে।তাই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মান্থা। একই সঙ্গে বিচারপতি তাঁর নির্দেশে জানান, আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হয়েছে।

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি মিলেছে আদালতের তরফে।মামলাকারী আইনজীবি আবু সোহেল জানিয়েছেন আগামী বুধবার এই মামলার শুনানি হবে ।






